বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকের প্রাইভেট গ্রুপে পোস্ট দেওয়ায় নিম্ন আদালতের ২৮ জন বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখা দিতে বলা হয়েছে। ১ এপ্রিল পাঠানো চিঠিটি বেশিরভাগ বিচারক ৬ ও ৭ এপ্রিল পেয়েছেন।
চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানি দিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হয়েছে, যা অসদাচরণ হিসেবে গণ্য।
চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিচারকরা এমন কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালায়’ উল্লেখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কাজে যুক্ত হয়েছেন, যা অসদাচরণের শামিল।
এ অবস্থায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা’ অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়ে অনুরোধও জানানো হয় ওই চিঠিতে।


