লালমনিরহাটে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে পাটগ্রাম উপজেলায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছাকাছি ভারতীয় সীমানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বিএসএফের বরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভোররাতে সাত থেকে আটজন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে বিএসএফ তাদের বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে বিএসএফ সদস্যরা বাংলাদেশি চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি বিএসএফের হেফাজতে রয়েছে।
বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক সৈয়দ ফজলে মুনিম জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


