ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে এ ঘোষণা দিলেন তিনি।
মঙ্গলবার বিকালে উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে এখনো অব্যাহতিপত্র জমা দেননি বলেও জানান তিনি।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’
তিনি আরও কিছুদিন দায়িত্বে থাকবেন এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান নিয়াজ আহমদ খান।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। এরপর ২৭ আগস্ট নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১(২) অনুযায়ী প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।’


