যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে লাগা আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগের (এফডিএনওয়াই) বরাত দিয়ে জানা গেছে, আগুনে আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে দুই শতাধিক ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা কর্মী দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। আগুনে ভবনের ভেতরের সিঁড়ি ভেঙে পড়েছিল। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এফডিএনওয়াই জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ভবনটি থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম কিংবা পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এই ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও চোট পেয়েছেন।
ভবনে কীভাবে আগুন লেগেছে, তার কারণ জানতে ফায়ার সার্ভিস বিভাগ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে আগুন লাগার সঙ্গে এই ব্যাটারির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।


