ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন
শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নাজিম ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। জুমার নামাজের পর এ বিরোধের জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে প্রতিপক্ষের হামলায় নাজিম উল্লাহ নিহত হন। আহত হন দুই পক্ষের অন্তত ২০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


