পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় জেলে ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি ট্রলারে ইমন খাঁসহ পাঁচজন জেলে নদীতে মাছ ধরতে যান। বিকাল সাড়ে ৩টার দিকে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমন খাঁ ও শাকিব শিকদারকে মৃত ঘোষণা করেন।
যুগিরহাওলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাটি জানার পর জেলেদের বাড়িতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।


