মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রামানন্দন গ্রামের নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়া গ্রামের মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার হাশেম বেপারী (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়।
পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


