সুন্দরবনে শিকারিদের ফাঁদ থেকে দুটি হরিণ ও একটি বন্য শূকর উদ্ধার করেছেন বনরক্ষীরা। পরে প্রাণীগুলোকে সুস্থ অবস্থায় আবার বনে অবমুক্ত করা হয়।
সোমবার বিকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদ সংলগ্ন বাউন্ডারি ও কুঞ্চির খাল এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় ফাঁদে আটকা পড়ে ছটফট করতে থাকা প্রাণীগুলোকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ফাঁদ কেটে দুটি হরিণ ও শূকরটিকে মুক্ত করে বনে ছেড়ে দেন। এ সময় ঘটনাস্থল থেকে শিকারিদের পাতা ১৪৮টি ডোয়া ফাঁদ জব্দ করা হয়।
তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার রোধে টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


