হেলিকপ্টারে করে এলাকায় ফিরেছেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই। আর তাকে ফুল দিয়ে বরণ করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্ত কর্মকর্তা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার খোকসায় তুমুল সমালোচনা শুরু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর থেকে এসে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন নাসির উদ্দিন শেখ। তিনি খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ এলাকায় ফিরতে হেলিকপ্টার ভাড়া করেন সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী নাসির। বিদ্যালয় মাঠে নামার পর ওসি জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা ভিডিওতে দেখা গেছে। সামনে নির্বাচন থাকায় প্রার্থীর নিকটাত্মীয়কে পুলিশের ফুল দেওয়ার ঘটনায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তবে সম্ভাব্য মেয়র প্রার্থী রবিন রায়হান জসিম বলেন, ‘ওসি কাউকে ফুল দেয়নি। ফুল পড়ে যাচ্ছিল কাদার মধ্যে। সেটা উনি ধরাধরি করেছে।’
ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করে খোকসা থানার ওসি বলেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। যাদের লোক, তারা ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন তারা তদন্তকে ফুল দিয়েছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, কেউ শৃঙ্খলা ভঙ্গ করে থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি বিস্তারিত জেনে তিনি পরে জানাবেন।


