ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ রোডে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে এবং দুপুরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সানি শাহের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন যুবক শহরের টি.এ রোড থেকে মিছিল শুরু করে থানা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করেন।
এ সময় শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার প্রদর্শন করা হয়, এতে লেখা ছিল ‘প্রত্যাবর্তন ২.০ শেখ হাসিনা আসছে। ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর।’
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সানি বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ একত্রিত হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ছাত্রলীগ ফুল এবং ভালোবাসা দিয়ে রাজপথ জয় করবে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অবগত ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও নজরে আসায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


