নারীকে মারধরের ভিডিও করায় সাংবাদিককে পুলিশের গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ

নারীকে মারধরের ভিডিও করায় সাংবাদিককে পুলিশের গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগ
Advertisement
Advertisement

ঢাকার বিজয় সরণি সিগন্যাল এলাকায় এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ধারণ করায় ২০-২৫ জন পুলিশ সদস্য তাকে পুলিশের ভ্যানে তুলে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক বুলবুল হোসাইন।

মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

বুলবুল হোসাইন অভিযোগ করেন, বিজয় সরণি সিগন্যাল এলাকায় এক নারীকে পুলিশ সদস্যরা মারধর করছেন দেখে তিনি ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তার কাছে ভিডিও করার কারণ জানতে চান এবং ভিডিওটি মুছে ফেলতে বলেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের নিজের পরিচয় জানান এবং ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে পুলিশ সদস্যরা তাকে ভ্যানে তুলে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ভ্যানের ভেতরে তাকে মাথায় আঘাত করা হয়, নিচে ফেলে মারধর করা হয় এবং একপর্যায়ে পা দিয়ে তার বুকে চাপ দেওয়া হয়। পরে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তিনি পুলিশের ভ্যান থেকে বের হয়ে আসেন। সেখান থেকে চলে যাওয়ার সময়ও ভিডিও ধারণ করায় তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

বুলবুল হোসাইন জানান, পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি জানতে পারেন মাথায় আঘাতের কারণে রক্ত জমাট হয়েছে এবং বুকে ও চোখে আঘাত রয়েছে। তাকে তিন দিনের সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বুলবুল হোসাইন বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে এমন ঘটনায় তিনি লজ্জিত। তিনি জানান, এ বিষয়ে আজ অফিস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আসেনি। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad