নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন। মাত্র ৪০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব।
মঙ্গলবার বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টর মসজিদে মারুফ হোসেন সজীবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১২ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুর খবরে শোক জানিয়েছেন সহকর্মী ও অভিনয়শিল্পীরা। সকালে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ জানায়, ‘সজীব ভোর ৫টায় মারা গেছেন।
সজীবের স্মরণে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন তার সঙ্গে দেখা হলে কত কিছু নিয়ে কথা হতো।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেন।
অভিনেত্রী তাসনুভা তিশা লিখেছেন, ‘কিছু মানুষের হঠাৎ করে চলে যাওয়াটা মানা কষ্ট। সজীব ভাইয়ের সঙ্গে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তার সুন্দর ব্যবহার মনে দাগ কেটেছে। তিনি শুধু একজন গুণী পরিচালক ছিলেন না, একজন সত্যিকারের ভালো মানুষও ছিলেন। তার চলে যাওয়ার খবর শুনে মনটা ভারী হয়ে আছে।’
নাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন সজীব। তার নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে বিলোপ, বাবুই পাখির বাসা, রঙিন কাগজ, আধার, সিকিউরিটি গার্ল, তোমাকে পাওয়ার জন্য, হাসি, বিকেল বেলার ছাদ, দুষ্ট মিষ্টি প্রেম, আদরের চাঁদ ও জোড়া শালিকের ঘরসহ আরও বেশ কিছু নাটক।


