নরসিংদীতে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের চৌয়ালা মহল্লায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আহতরা হলেন চৌয়ালা এলাকার বিল্লাল হোসেন (৩৮) এবং ইয়াসিন মিয়া (৩৫)। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এর জের ধরে সংঘর্ষ চলাকালে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। তবে ঘটনার পর আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, সন্ধ্যায় চৌয়ালায় গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। প্রতিপক্ষের গুলিতে তারা আহত হন। তাদের বিরুদ্ধে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে অনুসন্ধান চলছে এবং বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


