নদ-নদীর পানি বৃদ্ধি, ১২ জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

নদ-নদীর পানি বৃদ্ধি, ১২ জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
পদ্মার পানি বাড়ায় তলিয়ে গেছে রাজশাহীর শ্রীরামপুরের নিম্নাঞ্চল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের প্রধান নদ-নদীতে বৃষ্টি ও উজানের ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা, পদ্মা ও যমুনার পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি বা তা অতিক্রম করছে। এতে অন্তত ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কিছু জেলার ফসলি জমি, চরাঞ্চল ও ঘরবাড়ি ডুবে গেছে, পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চল ঝুঁকিতে রয়েছে। তলিয়ে গেছে আমন ধান ও সবজির জমি; ঘরে পানি ঢুকে দুর্ভোগ বাড়ছে।

রাজশাহী : পদ্মার পানি বেড়ে রাজশাহী মহানগরীর দক্ষিণাংশের বেশ কিছু বসতবাড়ি প্লাবিত হয়েছে। পঞ্চবটি খড়বোনা এলাকায় ঘরে হাঁটুপানি, রান্নার চুলা তুলতে হয়েছে চৌকির ওপর। শ্রীরামপুর ও রায়পাড়া এলাকার বস্তিগুলোও পানিতে তলিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, শহরতলিতে ড্রেনেজ ব্যবস্থার অভাব ও অবকাঠামো উন্নয়নে অবহেলা দুর্ভোগ বাড়িয়েছে।

রাজশাহীর বাঘার পদ্মা নদীর ১৫টি চরে প্রায় ১৭ হাজার মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দি। অধিকাংশ টিউবওয়েল ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

বিপৎসীমার ওপরে বইছে তিস্তা, নিম্নাঞ্চল প্লাবিত। ছবি: টাইমস

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে যমুনার পানি বাড়ছে। পাউবোর পূর্বাভাস অনুযায়ী আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে বন্যা হতে পারে। উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে।

আরও পড়ুন

নাটোর: এ জেলার লালপুরে পদ্মার পানি বেড়ে ১৮টি গ্রামের প্রায় ৫ শতাধিক বাড়ি ও ৫১৮ হেক্টর ফসলি জমি ডুবে গেছে। ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দুদিনে আরও বাড়তে পারে।

নীলফামারী: গজলডোবা ব্যারাজ থেকে পানি ছাড়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টের সব স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম: তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। দুধকুমারের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপরে। কৃষিজমি ডুবে গেছে। ৬ উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কুষ্টিয়া: পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়েছে। নদীতীরবর্তী ৪ ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দি, ২১টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ, এক হাজার হেক্টর ফসল ডুবে গেছে।

ভোলা: ইলিশা লঞ্চ ও ফেরিঘাট ডুবে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে। ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে জেলার ১০টি রুটে নৌ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad