ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই প্রবাসী বাংলাদেশিকে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি আদালত।
অভিযুক্তরা হলেন মো. মামুন আলী (৩১) ও রিফাত বিশাত (২৭)।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এসব তথ্য জানিয়েছে।
বারনামার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেওয়ার অভিযোগ মো. মামুন আলীর বিরুদ্ধে।
এই অপরাধে তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
রিফাত বিশাত অভিযুক্ত হয়েছেন নিজের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখার অভিযোগে। গত ১০ জুলাই বিকালে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি বাড়িতে অনার এক্স৬এ মডেলের মোবাইলে এই ছবি রেখেছিলেন তিনি।
রিফাতের অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করা হতে পারে।
শুক্রবার অভিযুক্ত মামুন ও রিফাতকে বিচারক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে হাজির করা হয়। তিনি দোভাষী নিয়োগের পর মামলার শুনানির জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ঠিক করে দেন।
আদালতে দুই বাংলাদেশির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।


