জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
বুধবার সংগঠনটির সভাপতি মো: আজম খানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সবোর্চ্চ নীতি নির্ধারক উপাচার্য নিজেও শিক্ষার্থী সংসদের সভাপতি। তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়াটাই সবার কাছে কাম্য। তবে উপাচার্যকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যবহার করে নানা রকম বির্তকিত মন্তব্য করা হচ্ছে, যা উপাচার্যের ভাবমূর্তি এবং কর্ম উদ্দীপনা কমে যাওয়ার পেছনে কাজ করছে। এমন এমন ভাষা ব্যবহার করা হচ্ছে যা মেনে নেওয়াটা সহজ নয়।
সাদা দলের এমন অভিযোগের পাল্টা জবাব দিয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘সাদাদল থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, যা আমরা অনলাইন মাধ্যমে দেখতে পেলাম। আমাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কাজে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।’
তিনি পাল্টা অভিযোগে বলেন, ‘জকসুর ক্রীড়া সম্পাদকের ওপর হামলার পরপরই সাদা দলের সভাপতি আজম খানের সই করা বিবৃতি প্রকাশ পেয়েছে। জকসু ক্যাম্পাসের পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো, প্রশাসন এবং সাদা দলের সম্মানিত শিক্ষকরা সবসময় ক্যাম্পাসকে অস্থিতিশীল ও আধিপত্য বিস্তারের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছেন।’
রিযাজুল আরও অভিযোগ করেন, ‘কিছুদিন আহে সাবেক প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হকের গায়ে হাত তুলেছে ছাত্রদলের সাবেক শিক্ষার্থীরা এবং ভিসি নিয়োগের দিন গণিত বিভাগের শিক্ষক হানিফ স্যারকে অপমান করেছে তারা। কিন্তু না তার বিচার হয়েছে, না সাদা দল এর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে।’
‘শিক্ষকরা সম্মানের পাত্র’ উল্লেখ করে তিনি দাবি করেন, ‘সাদা দলের কিছু শিক্ষকের আচরণ ও কর্মকাণ্ড শিক্ষকসুলভ নয়। এমনকি প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ শিক্ষক জকসুর কাজ নিয়ে অনলাইন পোস্টে নিজ আইডি থেকে “হাহা” রিঅ্যাক্ট দিয়ে দিনের পর দিন পরিবেশ নষ্ট করে যাচ্ছেন। তাদের এই কাজ শিক্ষক পদের সঙ্গে বেমানান। যে সকল শিক্ষক এমন কাজের সাথে যুক্ত আছেন, তারা তাদের সম্মান বজায় রেখে শিক্ষার্থীদের শেখানোর কাজে মনোযোগ দেবেন এবং ক্যাম্পাসকে আরও সুন্দর করতে সহায়তা করবেন।’


