যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।’
বুধবার সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নবনিযুক্ত মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ- জাতি গঠনের চ্যালেঞ্জ।’
‘প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে আমরা সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে’, যোগ করেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকার মন্ত্রী আশা করেন, সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ‘ডাইনামিক মিনিস্ট্রি’ করা হবে। তিনি বলেন, ‘মানুষের সমস্যা সমাধানে কাজ করব। ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি।’
রোজায় দ্রব্যমূল্য নিয়ে বুধবারই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করবেন বলেও জানান মির্জা ফখরুল।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটা একটি বড় অর্জন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। সবার কাছেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।’
অন্তর্বর্তী সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।’
বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটে, এটাকে জেনারালাইজ করা যাবে না।’


