রাজধানীর কারওয়ান বাজারে গত ডিসেম্বরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনে বুধবার শুরু হয়েছে এক ব্যতিক্রমী শিল্পকলা প্রদর্শনী। ‘আলো’ শীর্ষক এই প্রদর্শনীতে আগুনের ধ্বংসস্তূপ, পোড়া আসবাব ও দগ্ধ সরঞ্জামকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
গত ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে একদল উগ্রবাদী প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একই রাতে ডেইলি স্টার ও ছায়ানটেও হামলা চালানো হয়েছিল। সেই ধ্বংসযজ্ঞের স্মৃতি ও গণমাধ্যমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ হিসেবেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমানের পরিকল্পনায় গড়ে ওঠা এই প্রদর্শনীতে পোড়া বই, লোহা, ছাই ও কয়লা ব্যবহার করে সেই রাতের ভয়াবহতাকে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৭১ সালের ২৫ মার্চ ‘সংবাদ’ পত্রিকা পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে এর তুলনা করে তিনি বলেন, সংবাদপত্রের কণ্ঠ রোধ করার এই চেষ্টা সমাজের নিকৃষ্টতম পর্যায়ের একটি কাজ। ইতিহাস যেন এই বর্বরতা ভুলে না যায়, সে জন্য এই ধ্বংসাবশেষ সংরক্ষণ করা জরুরি।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ভয় দেখিয়ে বা পুড়িয়ে গণমাধ্যমকে থামিয়ে রাখা সম্ভব নয়। তারা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে রাষ্ট্র ও সরকারকে আরও কঠোর ও সজাগ থাকার আহ্বান জানান।
আয়োজকরা জানান, এই প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।


