আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মোতায়েন থাকছে ৮০ হাজার স্বেচ্ছাসেবক।
সোমবার সকালে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নারায়ণগঞ্জে পূজা উৎসব আয়োজনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে পাঁচশ কেজি চাল দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘এখানে পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা হয়েছে। ২৪ তারিখ থেকে আনসার সদস্যরা থাকবে এবং তাদের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে পূজা উদযাপন কমিটির সদস্য, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও থাকবে।’

‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে,’ আশা প্রকাশ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারাদেশে ৩৩ হাজার পূজামন্ডপ রয়েছে। প্রতিটি মন্ডপে পূজা উদযাপন কমিটির সাতজন, আটজন আনসার এবং পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য থাকবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের থাকছে ৮০ হাজার স্বেচ্ছাসেবক।’
‘এ বছর পূজামন্ডপের আশেপাশে বড় ধরনের মেলা বসতে দেওয়া হবে না। তবে কিছু কিছু দোকান থাকবে,’ বলেন জাহাঙ্গীর আলম।
উপদেষ্টা আরও বলেন, ‘নারায়ণগঞ্জে দূর্গাপুজাকে কেন্দ্র করে কোনো ধরনের শংকা নাই। এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সকল মন্ডপে সিসি ক্যামেরার ব্যাবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রিতি সব সময়ই ছিল। এ বছর সম্প্রীতি আরও ভাল হয়েছে।’


