দুর্গাপূজায় সহিংসতার ঝুঁকিতে ২৯ জেলা: সম্প্রীতি যাত্রা

দুর্গাপূজায় সহিংসতার ঝুঁকিতে ২৯ জেলা: সম্প্রীতি যাত্রা
সংবাদ সম্মেলনে কথা বলেন সম্প্রীতি যাত্রার কর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে দেশের ২৯টি জেলা সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে নাগরিক সংগঠন ‘সম্প্রীতি যাত্রা’। এগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৫টি, সেগুলো হলো ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনের কর্মীরা। ‘মসজিদ, মন্দির, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক ওই আয়োজনে উপস্থিত ছিলেন ফেরদৌস আরা রুমী, মাহা মির্জা, জামসেদ আনোয়ার তপন, মীর হুজাইফাসহ অন্যান্যরা।

সংগঠনটি জানায়, ২০১৪-২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ, শোভাযাত্রা এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বিশ্লেষণ করে ২৯ জেলাকে ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকাসহ ৫ জেলা সবচেয়ে ঝুঁকিতে এবং বাকি ২৪টি জেলা মাঝারি ঝুঁকিতে রয়েছে।

‘বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্রচেতনার ভিত্তি গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান এবং আধ্যাত্মিক-সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর’ এমন বার্তা দিয়ে সম্প্রীতি যাত্রার পক্ষ থেকে বলা হয়, ‘আখড়া, বাউল আসর, দরগাহ ও সুফি মাজার যুগে যুগে মানুষের মন ও সমাজকে আলোকিত করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব ঐতিহ্যবাহী কেন্দ্রগুলো ক্রমাগত সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

সংগঠনটি জানায়, এসব হামলা কোনো একক সম্প্রদায়ের বিরুদ্ধে করা হয়নি বরং পুরো দেশের সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত হিসেবে এসেছে।

আরও পড়ুন

সাম্প্রতিক হামলার তথ্য হিসেবে সম্প্রীতি যাত্রা পূজার আগেই প্রতিমা ভাঙচুর এবং কুমিল্লায় চারটি মাজারে হামলার ঘটনা উল্লেখ করেছে। এছাড়া, রাজবাড়ীতে এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো হিংস্র ঘটনাও পর্যালোচনায় তুলে ধরেছে নাগরিক সংগঠনটি।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে তারা জানায়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশত্যাগের পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে অন্তত ৮০টি মাজার ও দরগায় হামলা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি শঙ্কার কথা তুলে ধরে সংগঠনটি সবাইকে সতর্ক করেছে। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে সম্প্রীতি যাত্রা দাবি করে, ভোটের আগে সহিংসতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ভোটের আগে-পরে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়গুলো এর আগেও সহজ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সুশীল নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায় সম্প্রীতি যাত্রা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad