প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
তাদের বিরুদ্ধে আলাদা পাঁচটি মামলার অনুমোদন দেয়া হয়। এসব মামলায় শেয়ার বাজারে কারসাজি করে এক হাজার ৯৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সোমবার এক ব্রিফিং-এ এতথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন।
তিনি জানান, শেয়ার বাজারে জালিয়াতি, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়।
এই কমিটির প্রাথমিক তদন্তে পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ মার্কিন ডলার পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। তখনকার বিনিময় মূল্যে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৯৩৯ কোটি টাকা। জনতা ব্যাংক থেকে এই টাকা তুলে বিদেশে পাচার করা হয় বলে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে।


