জয়া আহসান অভিনীত ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সিনেমা ‘ফেরেশতে’ মুক্তির পর থেকেই আলোচনায়। সালমান শাহর ৫৫তম জন্মদিনে (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ছবিটি এখনও চলছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় সপ্তাহেও একই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, তাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, ভালো গল্পের সিনেমা উপহার দেওয়া। স্বাধীনভাবে নির্মিত ছবি হলে চালানো কঠিন হলেও দর্শকদের আগ্রহই ‘ফেরেশতে’–কে দ্বিতীয় সপ্তাহে টেনে নিয়েছে। পূজার সময়ে আরও দর্শক হলে আসবেন বলে আশা করছেন তিনি।
গল্পে উঠে এসেছে গার্মেন্টস কর্মী ফেরেশতে ও তার স্বামী রিকশাচালক আমজাদের জীবনসংগ্রাম। নিঃসন্তান দম্পতি প্রতিবেশী এক বধির শিশুর দায়িত্ব নেয়। টিকে থাকার লড়াইয়ের ভেতরেও তারা স্বপ্ন দেখে—ফেরেশতের টেইলরস, আমজাদের সিএনজি চালানো। দারিদ্র্য ও প্রলোভনের মাঝেও মানবিকতা ও সম্পর্কের বন্ধনই গল্পকে এগিয়ে নিয়েছে।
ফেরেশতে চরিত্রে জয়া আহসানকে দেখা গেছে সহমর্মী ও সাহসী নারীর ভূমিকায়, আর আমজাদ চরিত্রে সুমন ফারুক ফুটিয়েছেন সীমাবদ্ধতায় ঘেরা সৎ মানুষের প্রতিচ্ছবি। পাশাপাশি রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথীর অভিনয় ছবিকে সমৃদ্ধ করেছে।
মুমিত আল রশিদের চিত্রনাট্যে ইরানি সিনেমার প্রভাব স্পষ্ট—ক্যামেরার স্থিরতা, সংলাপের সরলতা ও জীবনের ছোট মুহূর্তের সূক্ষ্ম চিত্রায়ন। ঢাকাকে এখানে কেবল পটভূমি নয়, জীবন্ত চরিত্র হিসেবেই উপস্থাপন করা হয়েছে।
দেশে মুক্তির আগে ‘ফেরেশতে’ প্রশংসিত হয় ইরানের ফজর ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হয়। শর্মিলা ঠাকুরের ভাষায়, “সহজ, সরল, সুন্দর সিনেমা। অভিনয়শিল্পীদের পারফরম্যান্স ছবিটিকে অনেকদূর নিয়ে যাবে।”


