রাজধানীর তেজগাঁও কলেজের একটি মসজিদ থেকে গোপন বৈঠকের সময় উদ্রবাদী সংগঠন ‘ইত্তেহাদুল উম্মাহ’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ওই সংগঠনের কিছু লিফলেট পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, কলেজ মসজিদে একটি গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’র সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
সিটিটিসি ইউনিটের একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার টাইমস অব বাংলাদেশকে জানান, জঙ্গি সংগঠনের সঙ্গে সন্দেহভাজন সম্পৃক্ততার অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আটকদের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করা হচ্ছে।’
ওই কর্মকর্তা জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আটকদের তেজগাঁও থানা থেকে সিটিটিসি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


