সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সাত নেতাকে সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম সোমবার রাতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে হলগুলোর বিভিন্ন পদে নির্বাচন করায় সাত নেতার বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে ওই হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় ও একই হল সংসদের সদস্য পদে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি, মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান, ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান, ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে ওই হল শাখা ছাত্রদলের কর্মী (সাবেক দপ্তর সম্পাদক) সোহানুর রহমান সোহাগ এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিফাতুল ইসলাম নির্বাচন করায় সব ধরনের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করে, বহিষ্কৃতদের সঙ্গে ঢাবির ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।
এদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন- ২০২৫ এ জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফজলুল হক মুসলিম হল সংসদ নির্বাচনে ভিপি পদে নির্বাচন করায় ঢাবির সদস্য (সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদা) ওমর ফারুক রাকিবকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করে ঢাবির জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।


