পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুপুরে আলাদা ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে উপজেলার দুটি ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জালাল হাওলাদারের ছেলে আব্দুল কাইয়ুম হাওলাদার (৩০) এবং ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ফজলুল হক শরীফের ছেলে ইউসুফ শরীফ (৩৫)। কাইয়ুমের স্থানীয় বাজারে তৈরি পোশাকের ব্যবসা ছিল এবং ইউসুফ পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কাইয়ুম নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মা রান্নাঘরে কাজ করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত কাইয়ুমের মাথায় ধারালো কুঠার দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তার মা বিছানায় ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুর দেড়টার দিকে ধানীসাফা এলাকায় ইউসুফ শরীফের ওপর হামলা চালায় প্রতিপক্ষের চার থেকে পাঁচজন। বাড়ির সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায় হামলাকারীরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশের অভিযান চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


