ঢাকার বনানী, বাড্ডা ও হাজারীবাগ থেকে গৃহিনীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, বনানীর রিকশাচালক সিরাজুল ইসলাম (৪৩), বাড্ডার গৃহিনী চাঁদনী আক্তার (২৩) ও হাজারীবাগের চাকরিজীবী রাফসাদ মোস্তফা রুহিন (২২)।
সিরাজুলের বাবার নাম মৃত কালু মিয়া। তার বাড়ি নরসিংদীর বেলাবো থানা এলাকায়। বর্তমানে মহাখালী কড়াইল জামাই বাজার এরশাদ মাঠ এলাকায় থাকতেন।
সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম উল্লেখ করেন, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার বিকালে ভাড়া বাসায় দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত চাঁদনীর বাবার নাম মৃত আবু তাহের মুন্সি। তার বাড়ি ফরিদপুর নগরকান্দা থানা এলাকায়। বর্তমানে উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণীতে থাকতেন।
তার মরদেহের সুরতহাল প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার উল্লেখ করেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী রোড ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে, হাজারীবাগের ঝিগাতলা ৪/এ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন রাফসাদ। তার বাবার নাম জামাল উদ্দিন রিপন।
এসআই মো. শামীম মিয়া সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রাফসাদ পড়ালেখা শেষ করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি টিউশনি করাতেন তিনি। বুধবার বেলা আড়াইটার দিকে বাড়িটির ৫ম তলার বাসার ডাইনিং রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রেম সংক্রান্ত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।


