মাঠ প্রস্তুত ছিল। ক্রিকেটাররাও সেরেছিলেন ওয়ার্মআপ। তবে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ড না শুকানোয় বাংলাদেশ-চীন এশিয়ান গেমস কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
বৃহস্পতিবার এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে টস ছাড়াই ম্যাচটি বাতিল করা হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম ও চীন ৩৬তম স্থানে রয়েছে।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ জিতেছে। চীনের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় ব্যাটার সোবহানা মুশতারি পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে পদক পেয়েছি। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল সবচেয়ে বড় সুযোগ। ২০১০ এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় টি-টুয়েন্টি ফরম্যাটে চীনের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ। তবে বেরসিক বৃষ্টিতে ম্যাচটি মাঠে গড়ায়নি।


