ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে সবার সহযোগিতা ও সমর্থনও চেয়েছেন সাবেক এই উপদেষ্টা।

ঢাকা ১০ আসনটি কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত।
পোস্টের সঙ্গে যুক্ত করা ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ-কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।’
এর আগে গত বুধবার উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়েন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারে থাকা এই ছাত্র নেতা সামলাচ্ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
পদত্যাগের পর থেকেই তিনি কোন দলে যোগ দেবেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন সিদ্ধান্ত।


