লাখো মানুষকে কাঁদিয়ে বিদায় নিল রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদ।
শুক্রবার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে তাকে দাফন করা হয়েছে। বাড়ির পাশে স্থানীয় মাঠে আয়োজিত এই জানাজায় নেমেছিল মানুষের ঢল।
সাজিদ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। জানাজায় ছেলের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
রাকিবুল বলেন, ‘দুই দিন ধরে সবাই দোয়া করেছেন। আবারও দোয়া চাই।’
বৃহস্পতিবার রাতে দীর্ঘ ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল সাজিদকে। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সদস্যদের দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৯টার দিকে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সাজিদের মরদেহ বাড়িতে নেওয়ার পর সেখানে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। পরিবারের সদস্যদের পাশাপাশি স্বজন ও আশপাশের মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানাজা শেষে বাড়ির কাছের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় তাকে।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় খড় দিয়ে ঢাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ।
গত বছর স্থানীয় এক ব্যক্তি নলকূপ স্থাপনের জন্য গর্তটি খুঁড়েছিলেন। তবে সেখানে পানি ওঠায় গর্তটি পরিত্যক্ত হয়ে যায়। আর সেই অরক্ষিত গর্তে পড়েই প্রাণ হারায় শিশু সাজিদ।


