মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মিরপুর শাহআলী থানায় এই মামলা করেন ডিএনসিসির সার্ভেয়ার মো. তসলিম হোসেন।
মামলায় হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার বেলা আনুমানিক ১টা ৫০ মিনিটে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কসংলগ্ন ফুটপাত ও পাকা রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে অংশ নেন ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ এবং অঞ্চল-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান চলাকালে তালিকাভুক্ত ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লোক হঠাৎ দলবদ্ধ হয়ে লোহার রড, বাঁশ নিয়ে উচ্ছেদ অভিযানে হামলা চালায় ও অভিযানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
এসময় তারা সরকারি কাজে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণ করে।
হামলাকারীরা অভিযানে ডিএনসিসির ব্যবহৃত সরকারি গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বহনকারী গাড়ি, এবং দুটি পেলোডার ও বেকু লোডার ভাংচুর করে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. রাজু মিয়া, ভেকু চালক আবেদ, পেলোডার চালক রয়েল ও পরিচ্ছন্ন কর্মীসহ কয়েকজন কর্মচারী আহত হন।
ঘটনায় আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের নাম ঠিকানা সংগ্রহ করতে দেরি হওয়ায় মামলা করতে দেরি হয়েছে বলেও এজাহারে বলা হয়েছে।


