দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতির ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯০২ জনের মধ্যে ১ হাজার ১৪১ জন পুরুষ এবং ৭৬১ জন নারী। অর্থাৎ নতুন ভর্তি রোগীদের ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৬৬ জন। এরপর ২১ থেকে ২৫ বছর বয়সী ২৫৩ জন, ১৬ থেকে ২০ বছর বয়সী ২৫০ জন, ৩১ থেকে ৩৫ বছর বয়সী ১৭৬ জন এবং ৩৬ থেকে ৪০ বছর বয়সী ১৭০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। মৃতদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী দুইজন, ৪১ থেকে ৪৫ বছর বয়সী দুইজন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী একজন রয়েছেন। এ ছাড়া ৩১ থেকে ৩৫, ৪৬ থেকে ৫০ এবং ৫১ থেকে ৫৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭৫৪ জন। মোট মৃত্যুর মধ্যে ১২৮ জন পুরুষ এবং ১৩৯ জন নারী।
চলতি বছরে সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ২০৮ জন। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ৩৬৭ এবং নারী ২৪ হাজার ৬৪৪ জন। সিটি করপোরেশনের বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ রাজধানীতে মোট ৪৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতালে বর্তমানে মোট ১ হাজার ৩১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


