ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে কালিতলা বাজার সংলগ্ন একটি গুদামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃত যুবকরা হলেন- কালিতলা এলাকার আনারুল ইসলামের ছেলে তামিম ইসলাম, মোহাম্মদ মিন্টুর ছেলে মোহাম্মদ রনি ও মজিদুর রহমানের ছেলে মাসুদ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত তামিম ইসলামের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি শনিবার বিকালে বেড়ানোর কথা বলে ভুক্তভোগী কিশোরীকে বাড়ি থেকে ডেকে আনেন।
এরপর শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি গোডাউনে প্রেমিকা নিয়ে যান তামিম। সেখানে তার দুই বন্ধু রনি ও মাসুদকে নিয়ে তিনি ওই কিশোরীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।
রাত ৩টার দিকে পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায় এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। পরে কিশোরীকে গুদাম থেকে আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া জানান, আটককৃত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।


