বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেয়। তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন।
আদালতে জমা দেওয়া গ্রেপ্তার দেখানোর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল করিম বলেন, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজারসংলগ্ন আন্ডারপাস সেতুর নিচে জুলাই আন্দোলনের বিক্ষোভকারী জুবাইদ ইসলাম গুলিতে নিহত হন। এ মামলার তদন্তে হত্যার সন্দেহভাজন নির্দেশদাতা হিসেবে আসামি মো. নুরুজ্জামান আহমেদের নাম পাওয়া যায়।
নুরুজ্জামান আহমেদ বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি আলদা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।


