রাজধানী ঢাকায় শুধু নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিআরটিসির অনুষ্ঠানে এই বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
প্রাথমিকভাবে রাজধানীর ১০টি রুটে ১০টি বাস নিয়ে চালু হয়েছে এই সার্ভিস। এর মধ্যে ৯টি দোতলা ও একটি একতলা বাস।
অতীতেও শুধু নারীদের জন্য বাস সার্ভিস চালুর কথা জানিয়ে মন্ত্রী বলেন, নানা কারণে সেসব বাস বন্ধ হয়ে গেছে। এবার যাতে এই সার্ভিস বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারী যাত্রীদের শুধু বাসে পরিবহনই নয়, আরোহন ও অবতরণের সময়ই নিরাপত্তা ও স্বাচ্ছন্দ নিশ্চিত করতে হবে। তাহলেই নারীরা এই বাস সার্ভিস ব্যবহারে বেশি করে আগ্রহী হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশ ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে ২০০টি ইলেক্ট্রিক বাস কেনা হবে। দ্রুততার জন্য টেন্ডার পদ্ধতির বদলে সরাসরি কেনা হবে এসব বাস।


