কাচালং নদী থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
গত ১৩ আগস্ট বাঘাইছড়ি থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মামলাটি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত দল সম্প্রতি অভিযান চালিয়ে পাঁচটি স্তূপে রাখা ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করে। এ সময় ওমর আলী ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর আগে একই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ওমর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় মামলাটি করা হয়েছে।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) চাপ সৃষ্টি ও কার্যালয়ে হট্টগোলের অভিযোগে গত ১১ জুলাই ওমর আলীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিআইও সুপ্তর্শী সাহা।
বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দিন মজুমদার বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ওমর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম পরিবেশ অধিদপ্তর পরিচালনা করবে।
রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


