বলিউডের প্রবীণ অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্রের বয়স হয়েছিল ৮৯ বছর। প্রাণরসে ভরপুর ধর্মেন্দ্র এই বয়সেও ছিলেন কর্মচঞ্চল। তবে গত কয়েকদিন তার শরীর ভালো যাচ্ছিল না।
নভেম্বরেই বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি গত ১১ নভেম্বর অনেক গণমাধ্যমেও প্রকাশ পায় তার মৃত্যুর খবর।
সেসময় তার মেয়ে এষা দেওল নিজের সোশ্যাল হ্যান্ডলে নিশ্চিত করেন যে তার বাবা ভালো আছেন। পরিবারের সদস্যরাও তার সঙ্গেই আছেন।
সোমবার সকালে যখন ফের তার মৃত্যুর খবর এল, তখনও অনেক ভক্ত-অনুরাগী সেটা বিশ্বাস করতে পারেননি। ভেবেছিলেন, এবারও বুঝি গুজব।
কিন্তু শেষ পর্যন্ত সত্যি হলো ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। আর মাত্র কয়েকদিন পর ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল বলিউডের এই হি-ম্যানের। কিন্তু সেই মাইলফলক ছোঁয়ার আগেই আকাশের তারা হয়ে গেলেন তিনি।
ঠিক ১২ দিন আগে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের ব্যক্তিত্ব সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকে ভেঙে পড়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।


