খাগড়াছড়িতে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রুবেল।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা ছাত্রদলে যোগ দেন। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারন সম্পাদক সোহেল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।
ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, এর মধ্য দিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ওয়াদুদ ভূঁইয়া।
রুবেল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছন। তিনি জানান, ইসলামী শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু বিষয় তার কাছে প্রশ্নবিদ্ধ হলে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। ছাত্রদলে যোগদানের পর নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রুবেল। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।


