জাপানের সম্রাট নারুহিতোর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। নানা অভিযোগ ও সমস্যার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের আসরে অলিম্পিকের চেয়েও বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
নাগোয়ার ৩০ হাজার আসনের স্টেডিয়ামে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে ছিল হৃদয় আকৃতির মঞ্চ। তবে স্টেডিয়ামের অনেক আসনই খালি ছিল।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে আসন নেন জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। সম্রাট গেমসের উদ্বোধন ঘোষণা করলে দর্শকেরা করতালি দেন।
রোববার সকালে পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে প্রথম স্বর্ণপদক দেওয়া হতে পারে। ৪০টির বেশি খেলায় এশিয়ার সেরা ক্রীড়াবিদরা লড়বেন। ৪ অক্টোবর শেষ হবে আসর।
নাগোয়া ও আইচি প্রিফেকচারে আয়োজিত এবারের গেমসে সাতটি খেলায় ২০২৮ অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি অংশ নিচ্ছেন উঠতি প্রতিভারাও।
তবে আয়োজন ঘিরে শুরু থেকেই নানা সমস্যা দেখা দিয়েছে। ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ ও ৬ হাজার কর্মকর্তার থাকার ব্যবস্থা করতে গিয়ে চাপে পড়েছেন আয়োজকেরা।
খরচ কমাতে এবার কোনো ঐতিহ্যবাহী অ্যাথলেটস ভিলেজ রাখা হয়নি। ক্রীড়াবিদদের রাখা হচ্ছে অস্থায়ী কনটেইনারের মতো কক্ষে, হোটেল ও কোস্টা সেরেনা নামের একটি ক্রুজ জাহাজে।
গত সপ্তাহে ভারী বৃষ্টিতে নাগোয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এবার পূর্ব জাপানের দিকে এগিয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। এতে আগামী দিনগুলোতে আরও সমস্যা দেখা দিতে পারে।
পরিবহন না আসায় কয়েকজন ক্রীড়াবিদ বিমানবন্দরে আটকা পড়েন। কয়েকটি দল অস্থায়ী আবাসনের মান নিয়েও অভিযোগ করেছে। বিছানা ছোট হওয়া নিয়েও অভিযোগ রয়েছে।
এর মধ্যে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলের সামনে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
ইরানের পতাকাবাহক ছিলেন দুইবারের এশিয়ান গেমসের রুপাজয়ী জাহরা কিয়ানি। উশুতে আরও একটি পদক জিততে চান তিনি। চীনা ক্রীড়াবিদদের ভিডিও ইউটিউবে দেখে তাঁদের অনুকরণ করে অনুশীলন করছেন বলে জানান কিয়ানি।
তিনি বলেন, ‘আমি সিনেমা দেখে অনুশীলন করেছি। চীনা ক্রীড়াবিদদের ভিডিও দেখি। তাঁদের মতো করার চেষ্টা করি।’
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেন, ‘বিশ্বের যখনই জাপানকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে, দেশটি সবসময় সাড়া দিয়েছে।’
কোভিডের কারণে ২০২১ সালে টোকিও অলিম্পিক আয়োজনের প্রসঙ্গ তুলে তিনি ওই গেমসকে ‘সহনশীলতা, আতিথেয়তা ও অঙ্গীকারের অসাধারণ প্রদর্শনী’ হিসেবে উল্লেখ করেন।
স্টেডিয়ামে জাপানের পর চীনের ক্রীড়াবিদরা প্রবেশ করলে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায়। হাংজু এশিয়ান গেমসে ২০১টি স্বর্ণসহ ৩৮৩টি পদক জিতেছিল চীন। এবারও পদক তালিকায় শীর্ষে থাকার প্রত্যাশা করছে দেশটি।
নজরে উঠতি প্রতিভারা
১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসে এবারও অ্যাথলেটিকস ও সাঁতারের পাশাপাশি সেপাক তাকরাও ও কাবাডির মতো জনপ্রিয় আঞ্চলিক খেলা থাকছে।
ই-স্পোর্টস, ব্রেকড্যান্সিং ও বিএমএক্স সাইক্লিংয়ের পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান গেমসে যুক্ত হয়েছে প্যাডেল ও এমএমএ।
অংশ নিচ্ছেন ফিলিপাইনের টেনিস তারকা আলেকজান্দ্রা এয়ালা। নজরে রয়েছেন ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও ১৩ বছর বয়সী চীনা সাঁতারু ইউ জিদি।
তাইওয়ানের বক্সার লিন ইউ-টিংও অংশ নিচ্ছেন। দুই বছর আগে প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তিনি। ওই সময় লিঙ্গবিতর্কের মধ্যে তাঁর অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
উত্তর কোরিয়ার ১০০-এর বেশি ক্রীড়াবিদ ১৪টি খেলায় অংশ নেবেন। তাঁদের লক্ষ্য ‘মার্শাল কিম জং উনকে আনন্দ দেওয়া’।
ভারতের ক্রিকেট দলে থাকছেন সূর্যবংশী। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। তার আগে এশিয়ান গেমসে নিজেদের সামর্থ্য দেখাতে চায় ভারত।
নাগোয়ার নতুন ক্রিকেট মাঠে ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে সেই সম্ভাবনা নষ্ট হতে পারে।


