এবার আর মিথ্যে গুজব নয়, সত্যিই না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারসহ একাধিক মাধ্যম জানাচ্ছে, সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি অভিনেতা। বয়স হয়েছিল ৮৯।
ধর্মেন্দ্রকে বলা হতো হি-ম্যান। তার প্রয়াণে ভারতের চলচ্চিত্র শিল্পের ছয় দশকের উজ্জ্বল এক অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো।
মুম্বাইয়ের বাড়ির সামনে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে। বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূর পর্যন্ত ব্যারিকেড বসানো হয়েছে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অভিনেতার মেয়ে এশা দেওলসহ আরও অনেক তারকা।
কয়েক সপ্তাহ আগেই শ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন নানা গুজব ছড়িয়ে পড়ায় পরিবার অসন্তোষ প্রকাশ করে। চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন।
আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন ঘিরে পরিবারের বিশেষ উদ্যাপনের পরিকল্পনাও চলছিল। স্ত্রী হেমা মালিনী প্রস্তুতিও শুরু করেছিলেন বলে জানা যায়।
এই সব প্রস্তুতি থেমে গেলো ধর্মেন্দ্রের বিদায়ে।


