আবরার-সাত খুন-সিনহা হত্যা মামলা: শুরু হচ্ছে আপিল শুনানি

আবরার-সাত খুন-সিনহা হত্যা মামলা: শুরু হচ্ছে আপিল শুনানি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, নারায়ণগঞ্জের সাত খুন ও অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সাত খুন মামলার আপিল শুনানি শুরু হবে ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং সিনহা হত্যা মামলার শুনানি ১ ডিসেম্বর।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখেন আদালত। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন। ওই রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের পর মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad