চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় ৩০০ বছরের পুরোনো পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।
আয়োজকদের ভাষ্য, ঐতিহ্যবাহী এই মণ্ডপে জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই কর্মকর্তার একসঙ্গে পরিদর্শন এবারই প্রথম। তাদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।
সোমবার আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে মণ্ডপটিতে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তারা আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মণ্ডপটি পদুয়া বাজার থেকে প্রায় ৪০০ মিটার পূর্বে। স্থানীয় আয়োজকদের দাবি, প্রায় তিন শতাব্দী ধরে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা মণ্ডপ পরিদর্শন করলেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারের একসঙ্গে আসার ঘটনা তাদের জানা নেই।
পদুয়া গুপ্তবাড়ি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি অতনু গুপ্ত ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত জানান, জেলার শীর্ষ দুই কর্মকর্তার একসঙ্গে মণ্ডপ পরিদর্শনে তারা আনন্দিত ও আশ্বস্ত। এতে প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে। পূজা ঘিরে তারা কোনো নিরাপত্তাশঙ্কাও অনুভব করছেন না।
আয়োজকদের একজন বলেন, ‘তাদের মতো ব্যক্তিরা আমাদের পূজামণ্ডপ পরিদর্শন করতে এসেছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। নিশ্চিন্ত থাকার মতো একটা বিষয়।’
এর আগে লোহাগাড়া উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শারদীয় দুর্গোৎসব শতবর্ষের ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে ঘিরে গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের পেছনে রয়েছে বহু প্রজন্মের ত্যাগ।
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অহংকার। আমরা নিশ্চয়ই চাই না, বিশ্বের কাছে আমাদের এই গৌরবময় ঐতিহ্য কোনোভাবে খাটো হয়ে যাক।’
উৎসবের আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। দর্শনার্থীর উপস্থিতিও বাড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার মণ্ডপগুলোর জন্য সহায়তা বাড়িয়েছে। একই সঙ্গে প্রশাসনের দায়িত্বও বেড়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, লোহাগাড়ায় ৭০টি সর্বজনীন পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় পুলিশের প্রস্তুতি প্রায় শেষ।
গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে স্থায়ী পুলিশি দায়িত্বের পাশাপাশি ভ্রাম্যমাণ টহল, সাদা পোশাকে নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে বলে জানান তিনি।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে ঘিরে অন্যতম উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার। এসব প্রতিরোধে জেলা পুলিশের সাইবার ইউনিটের পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ইউনিটও কাজ করবে। জেলা ও উপজেলা প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সঠিক তথ্য প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
পূজা চলাকালে মাদকসংশ্লিষ্ট অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতেও বাড়তি নজরদারি থাকবে। লোহাগাড়ার পাহাড়ি এলাকায় সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে শিগগিরই বড় অভিযান চালানোর কথাও জানান পুলিশ সুপার।


