চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে বন্দর থানার গোসাইলডাঙ্গার ‘সাসটেইন টাওয়ার’-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

আরও পড়ুন

ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে ছোট ভাই সুমিত দরজা খুলে দিলে সোমনাথ বেডরুমের বিছানায় মাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। ওই সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।

সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজের ঘাড়েও দা দিয়ে আঘাত করেছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মামলার পর ২০১৭ সালের ২৩ জুলাই সুমিতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় মোট ১১ জনের সাক্ষ্য ও প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমিত চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad