ঢাকার বেশ কয়েকজন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত তথ্য, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা। যদিও, পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে বলা হয়েছে, ঢালাওভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। ভিআইপি অনুষ্ঠানে যারা আমন্ত্রণ পান তাদের ডাটাবেজ করা হচ্ছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাত আলম খান তপু বৃহস্পতিবার টাইমস অব বাংলাদেশকে বলেছেন, কী উদ্দেশ্যে কেন তথ্য চাওয়া হচ্ছে তা স্পষ্ট করা উচিত। সাংবাদিকদের ওপর মনস্তাত্নিক চাপ সৃষ্টি হতে পারে এমন কোন উদ্যোগ নেওয়া কারো উচিত হবে না।
তবে বিষয়টি ‘ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’ বলে মন্তব্য করেন সিটি এসবির ডিআইজি (প্রশাসন) মোশারফ হোসেন মিয়াজী। টাইমসকে তিনি বলেন, ‘এসবির কোন সাব-ইন্সপেক্টর না বুঝে ভুলভাবে উপস্থাপন করায় বিতর্ক তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় যেসব অনুষ্ঠানে ভিআইপি ও ভিভিআইপি থাকেন সেসব অনুষ্ঠানে যারা আমন্ত্রণ পেয়ে থাকেন তাদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে।’
ঢালাওভাবে সব গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিকর্মীর তথ্য সংগ্রহ করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘অনুষ্ঠানের আগে তথ্য চাওয়া হলে সময় কম থাকায় জটিলতা তৈরি হয়। সেজন্য আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে সদর দপ্তরের নির্দেশে। কেন বিতর্ক তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
নগর শাখার পূর্ব বিভাগের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গত ১৮ মে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। চিঠিটি মতিঝিল, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, পল্টন ও সবুজবাগসহ ঢাকার কয়েকটি এলাকার জোন ইনচার্জদের পাঠানো হয়।
কামরুজ্জামান স্বাক্ষরিত ওই চিঠির একটি অনুলিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন আরো কয়েকটি চিঠি রয়েছে।
চিঠিতে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ১৪ মে ওপেন সোর্স ইন্টেলিজেন্স শাখা থেকে দেওয়া আগের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে চিঠিটি পাঠানো হয়।
পুলিশকে নাম-ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা, সাংবাদিকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত কি না, পরিবারের রাজনৈতিক পটভূমি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ বিভিন্ন তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য থাকলে সেটিও তালিকাভুক্ত করতে বলা হয়েছে ওই চিঠিতে।
সমালোচনার মুখে বুধবার ভিআইপি-ভিভিআইপিদের অনুষ্ঠানের নিমন্ত্রিতদের তথ্য সংগ্রহে সাব ইন্সপেক্টরদের বাদ দিয়ে ইন্সপেক্টরদের তদন্তের দায়িত্ব নির্দেশ দিয়েছে সিটি এসবি।


