২০২৫ সাল গণ বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল পরস্পরবিরোধী বাস্তবতার এক ভারী ও ইতিহাসগন্ধী বছর। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের নাম পৌঁছে দেয় বৈশ্বিক পরিসরে। অন্যদিকে প্রশাসনিক ব্যর্থতা, নিরাপত্তাহীনতা, অপরাধ, সহিংসতা ও একের পর এক শোকের ঘটনায় ক্যাম্পাস বারবার কেঁপে ওঠে।
এ বছর গণ বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এটি ছিল প্রতিবাদের মঞ্চ, প্রশ্ন তোলার সাহসী জনপদ এবং পরিবর্তনের দাবিতে সোচ্চার এক জীবন্ত নাম।
ঐতিহ্যের স্বাদে বছর শুরু
২০২৫ সালের জানুয়ারিতে ষষ্ঠবারের মতো গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে বসে ২৭টি স্টলে গ্রামীণ বাংলার বাহারি পিঠা ও লোকজ সংস্কৃতির আয়োজন। নারকেল পুলি, ভাপা, পাটিসাপটা ছাড়াও লোকগান, নৃত্য, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনভর প্রাণবন্ত ছিল ক্যাম্পাস।
১১ বছর পর সমাবর্তন
প্রায় ১১ বছর পর ২০২৫ সালে গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই সমাবর্তন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায়।
প্রথমবার মূল ক্যাম্পাসে সরস্বতী পূজা
৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রথমবারের মতো গণ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয় সরস্বতী পূজা। সনাতনী সংগঠন বাণী অর্চনার আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়।
আগে ছাত্রাবাসকেন্দ্রিক থাকলেও এ বছর মূল ক্যাম্পাসে পূজার আয়োজন ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক বহুত্বের বার্তা দেয়।
দুর্নীতির অভিযোগে বাদামতলা উত্তাল
৬ আগস্ট বাস মেরামতের অর্থ আত্মসাৎ ও প্রশাসনিক কর্মকর্তাকে লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন। ৪০ হাজার টাকা আত্মসাৎ এবং আগের ৭১ লাখ টাকা চুরির অভিযোগে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন।
উত্তাল পরিস্থিতিতে উপাচার্য সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস দেন। এই আন্দোলন প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে ওঠে।
মানবিকতা ও আধ্যাত্মিকতার মাস
৬ মার্চ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ব্যতিক্রমী ইফতার মাহফিল আয়োজন করে।
২০ মার্চ প্রথমবারের মতো কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
২৩ মার্চ জিবি ব্লাড কালেক্টর মাদ্রাসার শিক্ষার্থী ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
সাত বছর পর গকসু নির্বাচন
দীর্ঘ সাত বছরের বিরতির পর ২০২৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে বিপুল শিক্ষার্থীর অংশগ্রহণে এই নির্বাচন ছাত্র সংসদ চর্চাকে নতুন করে আলোচনায় আনে।

সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের মো. রায়হান খান। দীর্ঘ অচলাবস্থার পর গকসুর পুনরুজ্জীবন ২০২৫ সালের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়।
ক্যানটিন অভিযানে স্বাস্থ্যঝুঁকির চিত্র
২২ অক্টোবর গকসুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যানটিনে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে খাবারের ঝুড়িতে ইঁদুর, রেফ্রিজারেটরে পচা মাংস, তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের চিত্র সামনে আসে।
এ ঘটনা কেবল ক্যানটিনের অনিয়ম নয়, বরং শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের অবহেলার প্রতীক হয়ে ওঠে।
প্রথমবারের মতো লালন স্মরণোৎসব
২১ অক্টোবর গকসুর আয়োজনে ট্রান্সপোর্ট চত্বরে প্রথমবারের মতো লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান উত্তাল বাস্তবতার মাঝেও মানবিক চেতনার এক শান্ত বিরতি এনে দেয়।
স্বাস্থ্য সচেতনতা ও জনকল্যাণ
২০২৫ সালে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে শতাধিক বিড়াল ও কুকুরকে রেবিস ভ্যাকসিন প্রদান করে। নারীদের ঋতুকালীন স্বাস্থ্য, সিক রুমের প্রয়োজনীয়তা এবং ন্যাপকিন ভেন্ডিং মেশিন নিয়ে আয়োজিত কর্মশালাগুলো নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিকার বিষয়ে নতুন সচেতনতা তৈরি করে।
শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা
ভেটেরিনারি শিক্ষার্থীরা বেঙ্গল মিট ও নিউ হোপ ফিড মিল, ফার্মেসির শিক্ষার্থীরা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এবং আইন বিভাগের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন। এসব ফিল্ড ভিজিট বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠ্যবইয়ের দূরত্ব কমিয়ে আনে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা
২৪ নভেম্বর গকসু ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষাপটে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আন্তর্জাতিক ইন্টার্নশিপ ও গৌরব
ভেটেরিনারি অনুষদের ছয়জন ইন্টার্ন চিকিৎসক মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টান এ ইন্টার্নশিপে অংশ নেন।
জাপানের সাপোরোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বায়োমেডিকেল সিম্পোজিয়ামে মেডিকেল ফিজিক্স বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন ও মো. আব্দুল্লাহ নির্বাচিত হন। একই সঙ্গে শিক্ষক মোখলেছুর রহমান ফেলোশিপ অর্জন করেন।
ক্রীড়াঙ্গনে উজ্জ্বলতা
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে মালদ্বীপে বাংলাদেশ দলের গোলকিপার হিসেবে গবি শিক্ষার্থী নাফিজ ফুয়াদ দুর্দান্ত পারফরম্যান্স দেখান।
এশিয়া কাপ ও আন্তর্জাতিক নারী দিবসে গবির রুপালী আক্তার, লাকী আক্তার ও মেয়েবী চাকমাসহ বাংলাদেশের নারী কাবাডি দল ৬ষ্ঠ এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন।
সাংবাদিকতা ও গবেষণায় স্বীকৃতি
গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত ‘গণমাধ্যম সংস্কার কমিশন’-এ গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভা আক্তারের অংশ বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে স্কলারশিপ এবং আইসিডিডিআরবিতে গবেষক হিসেবে নিয়োগ পান। অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা অর্জন করেন মাতৃভাষা পদক। রোজিনা পারুল ও সজীবুল হাসান পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
একই বছরে একাডেমিক ও সাংস্কৃতিক অঙ্গনেও সাবেক শিক্ষার্থীরা আলোচনায় আসেন। ভাষা যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আলীনুর ইসলাম চল্লিশের দশকের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি শীর্ষক পাণ্ডুলিপির জন্য দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ অর্জন করেন।
র্যাগিং থেকে ধর্ষণ
নভেম্বর ও ডিসেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়ে ওঠে। আইন বিভাগের শিক্ষার্থী শের আলীর ওপর র্যাগিং, পরে গণধর্ষণ ও ব্ল্যাকমেইল কাণ্ড পুরো ক্যাম্পাসকে কাঁপিয়ে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ ছিল প্রশাসনের দীর্ঘ নীরবতা ও গাফিলতির বিরুদ্ধে। এই ক্ষোভ বিস্ফোরিত হয় প্রশাসনিক ভবনে তালা, বিক্ষোভ ও শিক্ষকদের পদত্যাগ দাবিতে।
শেষ পর্যন্ত পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, পাঁচ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ১২ জন শিক্ষার্থীকে জরিমানা করা হয়।
সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ক্যাম্পাস
২০২৫ সালের ৭ ডিসেম্বর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গকসুর সাবেক সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. নাসিমের ওপর প্রশাসনিক ভবনের সামনে প্রথম দফা এবং পরে বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের সামনে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে।
শিক্ষকদের পদত্যাগের দাবি ও সন্ত্রাসী মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা অধ্যাপক নিলুফার সুলতানার অনুসারী বলে দাবি করা হলেও বিষয়টি ঘিরে ক্যাম্পাসে পাল্টাপাল্টি অভিযোগ ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
শিক্ষক বিরোধ ও প্রশাসনিক সংকট
আইন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অপরাধীদের সহায়তার অভিযোগ শিক্ষার্থী শিক্ষক সম্পর্কের গভীর সংকট প্রকাশ করে। তদন্ত কমিটি, অব্যাহতি ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বছর শেষ হলেও শিক্ষার্থীদের আস্থার জায়গা পুরোপুরি ফেরেনি।
নাফিউল করিম সোহান হত্যাকাণ্ডে বিস্ফোরণ
৯ ডিসেম্বর ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাফিউল করিম সোহানের নির্মম হত্যার বিচার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ঘটনা ক্যাম্পাসে দীর্ঘস্থায়ী শোক ও ক্ষোভের জন্ম দেয়।
শোকের দীর্ঘ ছায়া
২০২৫ সালে গণ বিশ্ববিদ্যালয় হারায় একাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীকে। অধ্যাপক আলতাফুন্নেসা মায়া, বিচারপতি আব্দুর রউফ, এনায়েত এ মাওলা জিন্নাহ, মোহাম্মদ আখতার উল আলম, নাফিউল করিম সোহান ও তীর্থজিৎ রায়ের মৃত্যু বছরটিকে শোকের ইতিহাসে পরিণত করে।
প্রতিকূল বাস্তবতায় ক্রীড়াঙ্গনের সাফল্য
সব প্রতিকূলতার মধ্যেও গবি ফুটবল দল ইস্পাহানি প্রথম আলো ফুটবলে রানার্সআপ হয়ে সাহসের গল্প লেখে। রাফায়েল টুডুর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা তৈরি করে।
লেখক: ইভা আক্তার, শিক্ষার্থী ও সংবাদকর্মী, গণ বিশ্ববিদ্যালয়


