ঢাকার মিরপুরে আনসার ক্যাম্প বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড় থেকে ‘বল সদৃশ’ ওই বস্তুটি খেলনা ভেবে তামিম ও তার বন্ধুরা কুড়িয়ে আনে। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে তামিম গুরুতর আহত হয়।
শিশুটির মা নার্গিস আক্তার জানান, তারা মিরপুর-১, আনসার ক্যাম্প, বিহারি পাড়ার বাসিন্দা। শিশুর বাবা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় সংসারের হাল ধরতে তিনি বাসাবাড়িতে কাজ করেন। তামিম ক্যাম্পের ভেতরেই একটি মাদ্রাসায় লেখাপড়া করে।
নার্গিস আক্তার জানান, শুক্রবার তামিমের মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতেই ছিল। সকালে তিনি ছেলেকে রেখে কাজে যান এবং ১০টার দিকে বাড়িতে ফিরে আসেন। এ সময় বাড়ির সামনে অনেক ভিড় দেখে জানতে পারেন, বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার ভাগাড়ে পড়ে থাকা ককটেলকে বল মনে করে তামিম ও তার সঙ্গে থাকা কয়েক শিশু মসজিদের পাশেই খেলতে শুরু করে।
এসময় সেটি বিস্ফোরিত হলে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে মারাত্মক জখম হয়। তাকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিশু তামিম ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।


