বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। একই দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানি।
একই ঘোষণায় তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ক্রিকেটারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক উন্নয়নের জন্য চালু হচ্ছে একটি অ্যানালিটিক্স ল্যাবরেটরি।
নাভিদ নেওয়াজের জায়গায় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া হান্নান এর আগে যুব দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। তার সেই দায়িত্বকালেই ২০২০ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এরপর কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের নির্বাচক হিসেবে, কিন্তু সেখানে পদত্যাগ করে এরপর শুরু করেন পেশাদার কোচিং। তার অধীনে গত মৌসুমে ডিপিএল জেতে আবাহনী এবং সর্বশেষ বিপিএলের শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স।
যুব দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে হান্নান বলেন, ‘স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।’
হান্নানের কোচিং প্যানেলে আরো আছেন, মোহাম্মদ সেলিম যিনি কাজ করবেন ফিল্ডিং কোচ হিসেবে। পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার মাহমুদ, ফিজিও হিসেবে থাকবেন সাইফুদ্দিন আহমেদ, ট্রেইনার হিসেবে আছেন মোরশেদ হাসান সিজার এবং পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে থাকবেন সন্দীপ কুমার রমন। এছাড়া মেন্টর হিসেবে মাহমুদউল্লাহকে দায়িত্ব দেয়া নিয়ে আরিফ রাব্বানি বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার যারা আছেন, তাদেরকে কোচিং ম্যানেজমেন্ট টিমে ইনক্লুড করব। সেখানে থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। উনি এখন মেন্টর হিসেবে থাকবেন অনূর্ধ্ব-১৯ টিমের সাথে এবং বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডসের সাথে উনি মেন্টর হিসেবে কাজ করবেন।”
এছাড়া হাই পারফরম্যান্স ইউনিট সামনে অস্ট্রেলিয়া সফরে থাকাকালীন সেখানের কোচিং প্যানেলে যুক্ত হবেন ইমরুল কায়েসও।
একই সাথে অ্যানালিটিক্স ল্যাবরেটরি চালুর সিদ্ধান্ত জানিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা পরিকল্পনা নিয়েছি যে লঞ্চ অফ অ্যানালিটিক্স সেন্টার বা ল্যাব যেটাকে আমরা বলি, সেটার লঞ্চিং। সেখানে ভিডিও ডাটাবেজ থাকবে অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল পর্যন্ত।’


