দেশের সব মসজিদ ও মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বৈঠক নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) রেজা আহাম্মেদ।
সোমবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
আলোচনায় অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং সেখানে মানুষ নামাজ আদায় ও কুরআন তিলাওয়াত করবে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনীতি করছে উল্লেখ করে এই পরিস্থিতি বন্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সরাসরি আহ্বান জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে বলেন, কোনো মসজিদ-মাদ্রাসায় যেন রাজনৈতিক মিটিং করা না যায়, সেজন্য দ্রুত আইন পাস করতে হবে।
রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের প্রসঙ্গ টেনে বিএনপির এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে খোলামেলা পরিবেশে কর্মীসভা ও জনসভা করে, মসজিদ-মাদ্রাসার বাইরেও ঠিক সেভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, আমরা যেভাবে প্রকাশ্যে ফুটবল মাঠে, হাই স্কুলে কিংবা কোনো হলরুমে মিটিং করি, অন্যদেরও সেই ব্যবস্থায় যেতে হবে। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ হওয়া উচিত নয়।
বক্তব্যের শেষ অংশে রেজা আহাম্মেদ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, তারা কোনোভাবে মসজিদে সভা করতে পারবে না। তবে তার এই বক্তব্যের সঙ্গে সংসদের সবাই একমত কি না, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।


