সামাজিক মাধ্যমে একটি মহল পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
রোববার সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের ভঙ্গুর মনোবল যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, ঠিক সেই সময়ে পলাতক ফ্যাসিস্ট শক্তি এবং কতিপয় স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এসব ফ্যাসিস্টের দোসর দেশে-বিদেশে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সাংবাদিকদের কাছে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন। এসব তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই না করে কথিত সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সেগুলোকে অতিরঞ্জিত করে মনগড়া ও বিভ্রান্তিকর গল্প তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করছেন।
বিবৃতিতে এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ক্রমেই ব্যক্তিবিশেষ থেকে শুরু করে পুলিশ বাহিনীর প্রধানের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারে রূপ নিচ্ছে বলে অভিযোগ করা হয়।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাষ্ট্র, জনগণ ও পুলিশ বাহিনীর স্বার্থে এ ধরণের অপতৎপরতায় জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।


