উখিয়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

উখিয়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ায় মাছ চাষের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন (৩৫) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালী তারজিমারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আমিন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের বাসিন্দা হোসন আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর চৌধুরীর ইটভাটার দক্ষিণ পাশে অবস্থিত জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) মাছ চাষের ঘেরে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন মোহাম্মদ আমিন। ঘটনার দিন বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ঘেরের পানি সেচের কাজ করার সময় একটি মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে যান।

আরও পড়ুন

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত মোহাম্মদ আমিন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন কাঁটাতারের বাইরে স্থানীয় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের তিনটি মাছ চাষের ঘের রয়েছে। সেখানে কয়েক বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

মাছের ঘের মালিক ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত মোহাম্মদ আমিন আমার ঘেরে শ্রমিকের কাজ করতো। ঘেরের পানি সেচ দেওয়ার সময় একটি মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে যান। দ্রুত তাকে কুতুপালং এম এস এফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad