ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) জাকির হোসেন (৫০) নামের এক বন্দী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কারারক্ষীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বন্দী। পরে কারারক্ষীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, মারা যাওয়া জাকির হোসেনের বাড়ি রাজধানীর হাজারীবাগ এলাকায় এবং তার বাবার নাম মৃত আব্দুর রশীদ। তবে তিনি কোন মামলায় এবং কত দিন ধরে কারাবন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।


